Translate

Thursday, 23 November 2017

বিচিন্তকথন / ড. হায়াৎ মামুদ

বিচিন্তকথন

বিচিন্তকথন, ড. মোহাম্মদ আমীনের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। প্রকাশক পুথিনিলয়, প্রচ্ছদ
করেছেন, মামুন হোসাইন।মূল্য একশত বিশ টাকা। একুশটি ছোটো ছোটো প্রবন্ধ নিয়ে গ্রন্থটি সজ্জিত।প্রবন্ধগুলি হচ্ছে যথাক্রমে : ভালোবাসা, উন্নয়ন ও দুর্নীতি, জাত অজাত, দাম্পত্য জীবন, ব্যক্তি ও ব্যক্তিত্ব, স্বজনপ্রীতি ও দেশপ্রেম, অহংকার পতনের মূল কথাটা ভুল, সত্য জানার কৌশল, বিবেচক অতিথি, রূপ ও গুণ, শেখ সাদী ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কুকুর, স্বাধীনতা, স্বপ্ন ও কল্পনা, আস্থা বিশ্বাস ভালোবাসা, সুখ শান্তি কষ্ট, নিয়ন্ত্রণ, ধর্ম, বিশ্বাস ও জ্ঞান, ধারণা ও বিশ্বাস, মানুষ, ব্যক্তি ও নাম এবং বউ বস ও সঙ্গী। 
 প্রবন্ধ সাধারণত তথ্য ও ভারি ভারি কথার ভারে ন্যুজ্ব থাকে। কিন্তু এ গ্রন্থের প্রতিটি প্রবন্ধের প্রতিটি বাক্য কত সাবলীল ও আকর্ষণীয় তা না-পড়লে অনুধাবন করা যায় না। প্রবন্ধের মতো নিরস সাহিত্যকর্মও ‍উপস্থাপনার গুণে কত হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে- তা এই বইটি না-পড়লে জানা যাবে না। কোনো অনুকরণ বা অনুসরণ নয়, লেখক নিজ অভিজ্ঞতার আলোকে অনুধাবিত ধারণারাশিকে এই গ্রন্থে উপস্থাপন করেছেন।
পাণ্ডুলিপিটি পাওয়ার পর পুরোটাই একবসায় পড়ে নিতে বাধ্য হলাম। প্রতিটি বাক্যই যেন এক একটা অমিয় কোরক। অনুভবে তাড়না আনে ভাবনার। প্রবন্ধকে এমন মুগ্ধকর করে তোলা প্রায় অসাধ্য। ড. আমীন এই অসাধ্য কাজটা করেছেন। এমন লেখা যে কারো প্রশংসার দাবি রাখে।
আমার ইচ্ছে করছে, পাঠকের জন্য পুরো বইটা তুলে ধরতে, কিন্তু স্বল্প পরিসরে তা সম্ভব নয়। আমি কয়েকটি প্রবন্ধ থেকে অল্প কিছু নিচে তুলে ধরলাম :কেউ বঞ্চিত হতে চায় না কিন্তু সবাইকে বঞ্চিত হতে হয়। কেউ দুর্নীতি রাখতে চায় না কিন্তু দুর্নীতি থেকেই যায়, রাখতে হয়। সবাই শোষণ করতে চায় এবং শোষণ করতে গিয়ে সবাই শোষিত হয়ে যায়।
যার জাত আছে সে আবার জাত খুঁজতে যাবে কেন? বরং যার জাত নেই সে-ই তো জাত খুঁজবে। এমন অমানবিক বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে নিন্দনীয় জাতপ্রথা।
যে দাম্পত্য জীবন সুখের সেটি দাম্পত্য জীবন নয়, ওয়েটিং রুম। তাই শুধু ছেড়ে যেতে মন চায়। কলহ দাম্পত্য জীবনের অবিচ্ছেদ্য অংশ। কলহ না থাকলে বুঝতে হবে দম্পতি নয় তারা, লিভিং টুগেদার।
বিয়ের সময় অনেকে সমমনা পাত্র-পাত্রী খুঁজেন। বিপরীত লিঙ্গের বিবাহে সমমনা সঙ্গী পাওয়া কখনও সম্ভব নয়। তাই এমন প্রত্যাশা হাস্যকর। জন্মকালেই নারীপুরুষ ভিন্ন মন ও ভিন্ন শরীর নিয়ে জন্মায়। জন্মের পরও ভিন্ন পরিবেশে গড়ে ওঠে। এ অবস্থায় যারা সমমন খুঁজে তারা নিতান্তই অজ্ঞ।
স্বজনপ্রীতিই মানুষকে পরিবার দিয়েছে, সমাজ দিয়েছে রাষ্ট্র দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে। সর্বোপরি মায়ের ভালোবাসায় উৎসরিত হওয়ার আনন্দ দিয়েছে। এই স্বজনপ্রীতি থেকে সৃষ্টি হয়েছে দেশপ্রীতি। দেশপ্রীতি হতে এসেছে বিশ্বপ্রীতি, বিশ্বভ্রাতৃত্ব। পশুর মধ্যেও স্বজনপ্রীতি দেখা যায়। যার কাছে স্বজনপ্রীতি নেই তার মধ্যে দেশপ্রেমও নেই।  
যারা কোনো বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় তাদের উদ্দেশ্য এবং মতাদর্শে বাস্তবতা থাকার সম্ভাবনা থাকে না। যারা বিশ্বাসকে পূর্ব হতে অকাট্য হিসেবে নির্ধারিত করে রাখে, তাদের কাছে যুক্তিতর্ক মূল্যহীন।
গুণের স্বরূপ দেখতে হলে ভেতরে প্রবেশ না করা পর্যন্ত অপেক্ষ করতে হয়। এ অপেক্ষা সাধারণত বিরল। তাই, সাধারণত রূপই দৃশ্যমান গুণ হয়ে আকর্ষণের সূচনা ঘটায়। স্বাধীনতার বড়ো শর্ত অন্যের স্বাধীনতাকে রক্ষা করার জন্য নিজের ইচ্ছাকে প্রতিহত করার চেষ্টায় নিজেকে সবসময় প্রস্তুত রাখা। সব মানুষ যখন এমন অবস্থায় উপনীত হবে, তখন যে জগৎটি হবে সেটিই হবে স্বাধীন জগৎ।
কল্পনা কখনও বাস্তবতাকে অতিক্রম করে যেতে পারে না কিন্তু অনেক সময় কল্পনাও
বাস্তবতাকে ছড়িয়ে যায়। লিওনার্দো দ্যা ভিঞ্চির হেলিকপ্টার চিত্র এক সময় ছিল কল্পনা, এখন নির্জলা বাস্তবতা। বিজ্ঞানের বর্তমান আবিষ্কারগুলোর অধিকাংশ মানুষের কল্পনারও বাইরে ছিল। এখন কল্পনা নয়, বাস্তবতা। কল্পনাকে মানুষ শ্রম, মেধা আর মনের মাধুরী বাস্তবে নিয়ে এসেছে। এজন্য বলা হয় মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়।
কল্পনা কখনও বাস্তবতাকে অতিক্রম করে যেতে পারে না কিন্তু অনেক সময় কল্পনাও বাস্তবতাকে ছড়িয়ে যায়। লিওনার্দো দ্যা ভিঞ্চির হেলিকপ্টার চিত্র এক সময় ছিল কল্পনা, এখন নির্জলা বাস্তবতা। বিজ্ঞানের বর্তমান আবিষ্কারগুলোর অধিকাংশ মানুষের কল্পনারও বাইরে ছিল। এখন কল্পনা নয়, বাস্তবতা। কল্পনাকে মানুষ শ্রম, মেধা আর মনের মাধুরী বাস্তবে নিয়ে এসেছে। এজন্য বলা হয় মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়।
সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। কত বৈপরীত্য মানুষে। মানুষের মনন আর বাস্তবতায়! 
অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি শক্ত হাতের প্রয়োজন হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের জন্য দুটি হাতই যথেষ্ট। এই দুটি হাতের একটি হচ্ছে মূল্যবোধ এবং অন্যটি বিচক্ষণতা-প্রসূত ধৈর্য।
পশুর পেট একটি। একটি পশুর একটি পেট। মানুষের পেট অসংখ্য। একটি মানুষের শরীরে একটি পেট। বাইরে অসংখ্য। তাই পুরো পৃথিবী নিয়েও একজন মানুষের প্রাপ্তি-ইচ্ছা মরে না। আরও জেগে উঠে সহিংস উল্লাসে।
পশুর পেট একটি। একটি পশুর একটি পেট। মানুষের পেট অসংখ্য। একটি মানুষের শরীরে একটি পেট। বাইরে অসংখ্য। তাই পুরো পৃথিবী নিয়েও একজন মানুষের প্রাপ্তি-ইচ্ছা মরে না। আরও জেগে উঠে সহিংস উল্লাসে।
বিশ্বাস ধারণার আদিপর্ব। অন্য কথায় জ্ঞানপূর্ব ধারণা। যেটি কখনও প্রমাণ করা যায় না আবার অপ্রমাণ করাও তত সহজ নয়। মূলত এটিই বিশ্বাস। প্রশ্ন আসতে পারে, তাহলে বিশ্বাসের হেতু? ধর্মে এর বিকল্প নেই। বিশ্বাস না করলে ধর্মমতে অধার্মিক। বিশ্বাস ধর্মের শ্বাস।লোকে বলে- কাল হয়েছে গত, কালের মুখে মোত। জনপ্রিয়তা বলে, কাল হয়েছে গত, আসবে শত শত। জনপ্রিয়তার কাছে শত শত কাল অনেক ব্যক্তি চির বর্তমান হয়ে থাকে।
বউ আর বস উভয়ে সর্বোত্তম প্রত্যয়, আদর্শের কান্ডারি, কল্যাণের সাগর। যা কিছু উত্তম, যা কিছু মানবীয়, যা কিছু যৌক্তিক তা বউ এবং বস। বউ আর বসের সবকিছু অসাধারণ তুলনীহীন এবং গর্বিত প্রকাশ। এর কোন তুলনা নেই। তাই বউ এবং বসের কাছে সব সময় ছোট থাকাই বুদ্ধিমানের কাজ। স্বামী যত উদার, বউ তত অনুদার। স্বামী যত বোকা বউ তত চালাক। এজন্য একজন অন্যজনের হদিস ঠিকভাবে কখনও পায় না।  

Tuesday, 21 November 2017

স্যার, আমাকে বিয়ে করুন / ড. মোহাম্মদ আমীন


প্রথম পদায়ন কুড়িগ্রাম।
এসএসসি পরীক্ষার ডিউটিতে গেলাম রাজার হাট স্কুলে। নতুন চাকরি, শরীরমনে
ম্যাজিস্ট্রেরিয়াল ক্ষমতার দাপট। পরীক্ষার হলে ঢুকে বহিষ্কারের জন্য উন্মাদ হয়ে উঠতাম। এমনভাবে ডিউটি করতাম যেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে নয়, বরং বহিষ্কারের জন্য আমাকে পাঠানো হয়েছে।
বহিষ্কারের পর বহিষ্কার করছি।
প্রথম দিনই পঁচিশ জনের অধিক ছাত্রছাত্রী বহিষ্কার করি।এভাবে গেল দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন। প্রতিদিন আমার হাতে প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। নকলের বিরুদ্ধে আন্দোলন ছাড়াও কয়জন বহিষ্কার করলাম সেই পরিসংখ্যানটি আমাদের মতো নব্য ম্যাজিস্ট্রেটদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। সহকর্মীদের সঙ্গে বহিষ্কারের সংখ্যা নিয়ে গল্প করতাম।
পঞ্চম দিন অঙ্ক পরীক্ষা।
দুই ঘণ্টার মধ্যে ছাব্বিশ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়ে গেল। পনের মিনিট পর আর একটা মেয়েকে বহিষ্কার করি। বহিষ্কৃত অন্যান্য পরীক্ষার্থীর মতো মেয়েটি কান্নাকাটি করল না। নির্বিকারচিত্তে সোজা আমার হাত ধরে সাবলীল গলায় খুব জোর ঢেলে মোলায়েম কণ্ঠে বলল : স্যার, আপনি কি আমাকে বিয়ে করবেন?
আমি মেয়েটির কথা শুনে হতভম্ব। হলের পরীক্ষার্থী আর কর্তব্যরত শিক্ষকগণ আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছেন। কেউ প্রতিবাদ করছেন না। মনে হচ্ছিল, সবাই যেন এভাবে আমাকে অপদস্থ করার পরিকল্পনা করেছেন।
বললাম : চুপ করো।
মেয়েটি বলল : চুপ করব। তার আগে আমাকে বিয়ে করুন।
আমি এবার মুষড়ে পড়লাম লজ্জায়। কী করব বুঝে উঠতে পারছিলাম না। রুমে থাকা উচিত নয় মনে করে কক্ষ থেকে বের হয়ে এলাম। মেয়েটিও আমার পিছনে পিছনে বের হয়ে এল। তার মুখ থেকে অবিরাম বের হয়ে আসছে একই কথা : স্যার, আমাকে বিয়ে করুন, করুন না স্যার।
আমি প্রধান শিক্ষকের রুমে ঢুকলাম। মেয়েটিও ঢুকে পড়ল। আমি চেয়ারে বসলাম। মেয়েটি আমার পায়ের নিচে বসে পা দুটি, দুহাতে চেপে ধরে বলে যাচ্ছিল : স্যার, আমাকে বিয়ে করুন। জীবনে আর কখনো নকল করব না।
রুমে প্রধানশিক্ষক ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষা কমিটির লোকজন আছেন। তাদের দিকে তাকালাম। সবাই মেয়েটির কাণ্ড আর আমার অসহায়ত্ব দেখে হাসছেন। আমি ছাড়া সবাই বহিষ্কারের বিরুদ্ধে। আমি আরো অসহায় বোধ করতে শুরু করি। লজ্জায় ঘাম ঝরছে।
প্রধান শিক্ষক বললেন : স্যার, মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে।
: আমি কী করব?
: বহিষ্কার হলে বিয়েটা ভেঙে যাবে। তাই এমন আচরণ করছে। ক্ষমা করা যায় না স্যার?
একজনকে ক্ষমা করলে সবাইকে ক্ষমা করতে হবে। তাই ক্ষমার প্রশ্নই আসে না।প্রধান
শিক্ষকের কথা শুনে মেয়েটির সাহস আরো বেড়ে গেল। সে কণ্ঠকে আগের চেয়ে জোরালো কিন্তু বিগলিত করে বলতে থাকে : স্যার, আমাকে বিয়ে করুন, করুন না স্যার। আপনার মতো স্বামী পেলে জীবনে আর নকল করব না। একবার বিয়ে করে দেখুন স্যার। আপনার পয়ে ধরে বলছি। স্যার আমাকে একটি বার বিয়ে করে দেখুন -।
আমার মনে হলো, পুরো ঘটনা পরিকল্পিত।
বললাম : এই মেয়ে পা ছাড়ো।
: স্যার গো, আমাকে বিয়ে করুন, আপনার মতো স্বামী পেলে ----।
মেয়েটির আচরণ সহ্যের সীমা ছড়িয়ে গেল।
ওসি সাহেবকে গম্ভীর গলায় বললাম : মেয়েটাকে সরিয়ে নিন।
এবার ওসি সাহেব একটু নড়েচড়ে বসলেন। একজন মহিলা কন্সটেবল এসে মেয়েটিকে জোর করে নিয়ে গেল।মেয়েটি যেতে যেতেও বলে চলছিল : স্যার, আমাকে বিয়ে করুন। করুন না স্যার , আপনার মতো স্বামী পেলে কোনোদিন নকল করব না, স্যার ---।
পরীক্ষার হলে ঢুকতে সাহস পাচ্ছিলাম না। রুম থেকে মেয়েটিকে নিয়ে যাবার পর আমি আমি গাড়িতে চড়ে বসলাম। তারপর সোজা কালেক্টরেট। দীর্ঘপথ গাড়ির আওয়াজ ছাপিয়ে বারবার কানে এসে নাড়া দিচ্ছিল, মেয়েটির কথা : স্যার,আমাকে বিয়ে করুন, করুন না স্যার - - -।
বসকে বললাম : স্যার, আমাকে অন্য স্কুলে ডিউটি দিন।
বস বললেন : কেন?
উত্তর দেওয়ার আগে আবার কানে এসে বজ্র ঢেলে দিল মেয়েটির গলা : স্যার, আমাকে বিয়ে করুন, করুন না স্যার।
আমি জানি না, বহিষ্কৃত মেয়েটির বিয়ে ভেঙে গিয়েছিল কি না। সেই পঁচিশ বছর আগের কথা। এখনো মাঝে মাঝে মনে পড়ে মেয়েটিকে। চোখে ভেসে উঠে অসহায় চোখের চঞ্চল প্রগলভতা। কানে এসে স্পন্দিত হয় মিহি কণ্ঠের আর্তনাদ :
স্যার, আমাকে বিয়ে করুন, করুন না স্যার।
সূত্র : ড. মোহাম্মদ আমীন,  প্রশাসনে আমার একান্ন, দ্বিতীয় খণ্ড, প্রকাশনীয়।

Friday, 3 November 2017

অর্হণা মুগ্ধকর প্রতীতি / প্রমিতা দাস লাবণী

অর্হণা
অর্হণা একটি তৎসম শব্দ। এর ব্যুৎত্তি হলো ‘√অর্হ+অন্‌+ আ (টাপ্‌)’। এটি বিশেষ্য হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। এর অর্থ পূজা; সম্মান, যোগ্য, শ্রেষ্ঠ, উপযুক্ত প্রভৃতি অর্থেও শব্দটি ব্যবহৃত হয়। বাংলা ভাষায় বর্তমানে শব্দটির ব্যবহার বেশ অপ্রতুল এবং সেহেতু এটি অপরিচিতই বলা যায়।,= ইদানীং শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে।  এর কারণ ড. মোহাম্মদ আমীন এবং তার ‘অর্হণা’। অর্হণা  এখন কেবল অভিধানে বন্দি শব্দমাত্র নয়। এটি এখন ‘উপন্যাস’, লেখক ড. মোহাম্মদ আমীন তাই ‘অর্হণা’ অভিধানের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পাঠকে আগ্রহে আগ্রহে। 

‘অর্হণ’ স্যমন্তক সিরিজের দ্বিতীয় উপন্যাস। লেখক কলকাতায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, “তদিন রচনা বেঁচে
থাকবে ততদিন স্যমন্তক সিরিজের বই প্রকাশিত হতে থাকবে।” যদি আপনি মারা  যান তখন কী হবে? একজন সাংবাদিকের এই প্রশ্নে লেখক বলেছিলেন, তখন যারা জীবিত থাকবেন, তারাই এর উত্তর দেবে। অর্হণা এখনো প্রকাশিত হয়নি। সম্ভব জানুয়ারি মাসে প্রকাশিত হবে এবং বাংলাদেশের ‘অমর একুশে গ্রন্থমেলা, ২০১৭’- এর পুথিনিলয় স্টলে পাওয়া যাবে। বইটির পাণ্ডুলিপি পড়ে আমি আনন্দ, রোমাঞ্চ আর ঋদ্ধ সঞ্চয়নে অভাবনীয়ভাবে অলংকৃত। এমন বৈচিত্র্যময় প্রেক্ষাপট একসঙ্গে আর কোনো উপন্যাসে পাইনি। বিশেষ করে মনোহর বাক্য-বিন্যাস ও হৃদয়মথিত কথোপকথন আমাকে মুগ্ধতার শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল। 

শুধু বাংলাদেশ নয়, প্রায় পুরো পৃথিবী উপন্যাসের ক্ষেত্র। উভয় বাংলার কালজয়ী কবিসাহিত্যিকগণ এই উপন্যাসের মূল চরিত্র। এছাড়াও রয়েছে বিশ্বসাহিত্যের নামকরা কয়েকজন পণ্ডিত। বিংশ
শতকের অর্ধশতাধিক খ্যাতিমান সাহিত্যিক, বুদ্ধিজীবী, কুটনীতিবিদ, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক এবং তাদের গুণান্বিত আলোচনার বিরল বাক্যে ‘অর্হণা’ সজ্জিত হয়েছে পাঠকদের জন্য।উপন্যাসের নায়ক-নায়িকা থেকে প্রায় সব চরিত্র খ্যাতিমান ও পরিচিত। এমন গুণবান ও প্রসিদ্ধ ব্যক্তিদের নিয়ে লেখা উপন্যাস অর্হণা’ পড়তে শুরু করলে নিজের অজান্তে চলে যেতে হয় সে গুণবানদের আলাপচারিতায়--- ঢাকা থেকে কলকাতা হয়ে লন্ডন, জার্মান আমেরিকা; আফ্রিকা থেকে আরো সুদূরে, জ্ঞানবানদের একান্ত আসরে।  এবার বলছি এই উপন্যাসের কয়েকজন চরিত্রে নাম।

আহমদ ছফা, অন্নদাশঙ্কর রায়, ড. মফিজ আলী চৌধুরী, আহমদ শরীফ, কবীর চৌধুরী, ডাক্তার নুরুল ইসলাম, শামসুর রাহমান, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফফার চৌধুরী, সরদার ফজলুল করিম, মযহারুল ইসলাম, আবদুল মাননান সৈয়দ, নরেন বিশ্বাস, আল মাহমুদ, হুমায়ুন আজাদ, আবদুল কাইউম, আসকার ইবনে সাইখ, শফিউদ্দীন আহমেদ, সুভাষ মুখোপাধ্যায়, প্রফেসর গ্রিয়েল, প্রফেসর ব্রুম, প্রফেসর মিন্ড্রা, শ্রাবন্তীনাহা, শাহিদা সুলতানা, অরুণাভ সরকার, আবদুল আলিম, নাজিম উদ্দিন মোস্তান, ওসমান গনি, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, হায়াৎ মামুদ, বুদ্ধদেব বসু, সৈয়দ আলী আহসান, কে এম শিহাব উদ্দিন, আখতারুজ্জামান বাবু, প্রফেসর কোবাইসি মাসাহিতো, অধ্যাপক টিআই চোধুরী, ভাষাবিষারদ প্রফেসর রচনাসহ আরও অনেক কালজয়ী কবি-সাহিত্যিক এই উপন্যাসের চরিত্র।

অর্হণা উপন্যাসের ভূমিকা লিখেছেন  হায়াৎ মামুদ। তিনি নিজেও উপন্যাসের একটি চরিত্র। চরিত্র দিয়ে বর্ণিত 
ভূমিকাসমৃদ্ধ উপন্যাস ইতোঃপূর্বে আমি পরিনি। তাই ‘অর্হণা’ ছিল আমার কাছে একটি নতুন ধারণার বিকাশ। ভূমিকায় হায়াৎ মামুদ লিখেছেন, “
সমাজ, রাষ্ট্র, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে প্রেম-ভালোবাসা আর মানবীয় মূল্যবোধের সুষমিত প্রগাঢ়ত্বের সঙ্গে এতগুলো বিস্ময়কর চরিত্রের চরিত্রায়ণ উপন্যাসটিকে করে তুলেছে অনবদ্য। চরিত্রের সঙ্গে কথোপকথন, সজ্জা আর তথ্যের গ্রহণযোগ্যতা এতই নিবিড় যে, অনুভবকেও হার মানিয়ে দেয়। এমন একটি উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে -- এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ” হায়াৎ মামুদ আরো লিখেছেন, “উপন্যাসে চরিত্রবর্গের আলাপচারিতায় সমকালীন সাহিত্য-সংস্কৃতি, সংস্কার-কুসংস্কার, ধর্ম, আর্থ-রাজনীতি ও সামাজিক অবস্থা সম্পর্কে যে তথ্য-উপাত্ত নির্দেশিত হয়েছে তা গভীর পর্যবেক্ষণের সঙ্গে অভাবিত আন্তরিকতাপুষ্ট ঋদ্ধ দ্যোতনায় দ্যোতিত। সর্বোপরি উপন্যাসের নায়িকা কল্পনার সঙ্গে নায়কের ভীষণ স্পর্শকাতর সম্পর্ক পাঠককে নুতন ভাবনায় মারাত্মক দ্বিধায় ফেলে দেবে। বাংলা সাহিত্যেকে এমন একটি অসাধারণ উপন্যাস উপহার দেওয়ার জন্য আমি লেখক ড. মোহাম্মদ আমীনকে গভীর কৃতজ্ঞতা জানাই।”

নিজেই চরিত্র তাই হায়াৎ মামুদ অতিরিক্ত প্রশংসা করে ফেললেন কিনা তা দেখার ইচ্ছা পাণ্ডুলিপি পাঠকে আরো তরান্বিত করে দিল।না, অতিরিক্ত কিছু তিনি লিখেননি। তাঁর লেখা যথার্থ এবং পাণ্ডুলিপি আদ্যপান্ত পাঠ করেই অর্হণার ভূমিকা লিখেছেন। অর্হণার আলোচনায় বিশিষ্ট সমালোচক এরশাদ হোসেন আবীর লিখেছেন, এমন জীবন্ত উপন্যাস আমি আর পড়িনি। দেখুন পরিচিত নায়ক-নায়িকাদের নিয়ে লেখা উপন্যাস পড়তে কত ভালো লাগে। আপনার মনে অজানা এক শিহরন দেবে প্রেমে আর বোদ্ধমায় সমৃদ্ধতায়। প্রতিটি লাইন স্মরণীয় বাণী হয়ে অনেকদিন মোহিত রাখবে আপনাকে।

উপন্যাসটি  কেমন হবে? এই প্রশ্নের উত্তরে আমি বলব, ভাষা  মানুষকে এখনো এমন হাতিয়ার দিতে পারেনি,যদ্দ্বারা মানুষ তার সব উপলব্ধিকে বাক্য-ভাষায় অন্যের কাছে প্রকাশ করতে পারে। তেমনি অর্হণার পাণ্ডুলিপি পারে আমার
প্রমিতা দাস লাবণী
 অনুভবে সঞ্চারিত আবেশরাশিকে সম্পূর্ণরূপে কথায় প্রকাশ করতে পারব না। শুধু বলবো, অসাধারণ, অসাম, হৃদয়কাড়া একটি উপন্যাস।যার প্রত্যেকটি লাইন নীরব চন্দ্রিমায় রাতের কোলে ঘেষেও জোছনাকে বাক্য বানিয়ে পাঠকের মনে বিপুল ঝড় তুলে দিতে নিমিষ চিন্তার মতো কিন্তু প্রকৃতির মতো বিরল স্থায়িত্বে। তাই বইটি কেমন? প্রশ্নের উত্তরে দ্বিধাহীনভাবে বলতে পারি, এর অবিকল উত্তর পেতে হলে ‘অর্হণা’ পড়তে হবে। অর্হণা এমন একটি উপন্যাস যা আপনাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিসাহিত্যিক ও পণ্ডিতবর্গের বন্ধু বানিয়ে দিতে সক্ষম হবো।  আমি বলবো অর্হণা শুধু উপন্যাস নয়, পাঠকের তীর্থভূমি। যেখানে প্রকৃতি বিছিয়ে রেখেছে তার অশেষ ঐশ্বর্য থরে থরে। অর্হণারূপ উপন্যাসের তীর্থক্ষেত্র থেকে আপনি পেতে পারেন সাহিত্যের নির্ঝর সমৃদ্ধি, বিমল মুগ্ধতা।

প্রকৃত অর্থে  প্রকাশের আগে এমন একটি অসাধারণ উপন্যাসের পাণ্ডুলিপি পড়তে দিয়ে স্যার (ড. মোহাম্মদ আমীন) আমার প্রতি তাঁর স্নেহ-ভালোবাসার যে নিদর্শন দেখিয়েছেন তা আমার হৃদয়ে তীক্ষ্ণ-গভীর ভালোবাসায় নিরূপম শ্রদ্ধা হয়ে আমাকে আরো মুগ্ধ করে দিলেন-- 
প্রণাম আমার 
নিঃশ্বাসে নিঃশ্বাসে।
যুগে যুগে মহিমার।

Sunday, 10 September 2017

রোহিঙ্গা নির্যাতন বিশ্বমানবতার লজ্জা / ড. মোহাম্মদ আমীন


সম্প্রতি সংখ্যালঘু নীরিহ মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমার সরকারের নৃশংস গণহত্যা ও পাশব অত্যাচারের জঘন্য রূপ, এক কথায় বিশ্ব-মানবতার চরম অপমান। মায়ানমার সরকার সেনাবাহিনীসহ সকল শক্তি নিয়োগ করে এই নীরিহ জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন চালিয়ে যাচ্ছে, যে গণহত্যা সংঘটিত করছে তেমনটি নৃশংস পশু হিসেবে চিহ্নিত হায়েনার মধ্যেও দেখা যায় না। শুধু এখন নয়, বার বার এবং বহু বার মায়ানমার সরকার রোহিঙ্গাদের উপর এমন নিপীড়ন চালিয়েছে। তাহলে মায়ানমার সরকার কি পশুর চেয়ে নৃশংস হয়ে গেল? তাদের এমন জঘন্য কর্মকাণ্ডের ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। 
পিতা-মাতা যেমন সন্তানের সর্বোচ্চ নিরাপত্তার ধারক তেমনি রাষ্ট্র ও সরকার তার নাগরিকদের সামগ্রিক নিরাপত্তার ধারক। রাষ্ট্র কারো উপর নির্যাতন চালালে তার টিকে থাকা অনেকটা অসম্ভব হয়ে যায়। একাধিক সন্তান থাকলে নীরিহ বিবেচনায় শিশু-সন্তানের প্রতি আদর্শ পিতা-মাতাকে অধিক যত্নাবান হতে দেখা যায়। সে হিসেবে মায়ানমার সরকারের উচিত ছিল, নীরিহ সংখ্যলঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে এমন নিরাপত্তা প্রদান করা যাতে, তাদের উপর কেউ নির্যাতন চালাতে না পারে। মায়ানমার সরকার চিরন্তন মানবতার এই নীতি ভূলুণ্ঠিত করে নীরিহ রোহিঙ্গাদের উপর যে পাশব অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাতে মনে হয় ওই দেশে মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। মায়ানমারের একজন লোকও রোহিঙ্গাদের উপর এমন অমানবিক গণহত্যার জন্য সামান্য সমালোচনাও করেনি। তাহলে সে দেশে কী একজন মানবতাবাদিও নেই? এরূপ নির্বিচার গণহত্যা ও অত্যাচারের ঘটনা বিশ্ব-ইতিহাসে বিরল। মায়ানমার সরকারের এমন নৃশংসতা হিটলারেরকেও হার মানিয়ে দিয়েছে। 
বলা হচ্ছে রোহিঙ্গারা সন্ত্রাসী কার্যকলাপে জাড়িত। কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতি অনুসারে ব্যবস্থা নেওয়ার অধিকার সরকারের থাকে কিন্তু সন্ত্রাসের অজুহাতে পুরো জাতিগোষ্ঠীর উপর নির্যাতন কোনোভাবে সমর্থন করা যায় না। একটি জনগোষ্ঠীর সবাই সন্ত্রাসে জড়িত থাকতে পারে না এবং কেউ এ দাবি করলে তা কোনোভাবে সত্য নয়। মায়ানমার সরকারের দাবিমতে, সকল রোহিঙ্গা যদি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকত, তাহলে দশ লক্ষাধিক রোহিঙ্গার তাণ্ডবে পুরো মায়ানমার ছারখার হয়ে যেত। এ দিয়ে প্রমাণিত হয়, রোহিঙ্গারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয়। সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য যেসব উপাদান, শর্ত ও সুযোগ-সুবিধা আবশ্যক তার কোনো কিছুই রোহিঙ্গাদের আয়ত্তে নেই। যদি মায়নামার সরকারের পক্ষ নিয়ে বলি তাহলে বলতে পারি, রোহিঙ্গাদের কেউ কেউ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলেও পুরো রোহিঙ্গাগোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয়। তবু মায়ানমার সরকার সন্ত্রাসী কার্যকলাপের মিথ্যা অজুহাতে পুরো রোহিঙ্গাগোষ্ঠীকে ব্যক্তি হিসেবে ধরে তাদের উপর নির্বিচার গণহত্যার মতো পাশব নির্যাতন চালিয়ে যাচ্ছে; যা পক্ষান্তরে পুরো মানবজাতির মানবতাকে প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। তাহলে বিশ্বমানবতা কী বিশ্বপাশবে পর্যবসিত হতে যাচ্ছে?
যে জাতি বা সরকার রাষ্ট্রে বসবাসকারী নাগরিক, হোক সে আশ্রিত কিংবা অন্যকোনো প্রাণী প্রভৃতির উপর নির্যাতন চালায় সে জাতি কোনোভাবে সভ্য হতে পারে না। এই হিসেবে বলা যায়, মায়ানমার রাষ্ট্রটি এখন একটি অসভ্য রাষ্ট্র। যে দেশে নীরিহ সংখ্যলঘু জনগোষ্ঠী নির্বিচার গণহত্যার শিকার হয়, সে দেশটি নিছক বর্বর রাষ্ট্র। যে জাতি একবার এমন অপকর্ম করে এবং যে ব্যক্তির নেতৃত্বথাকাকালীন এমন ঘটনা ঘটে সে ব্যক্তি বিশ্ব ইতিহাসে ঘৃণিত হয়ে থাকে চিরকাল। হিটলার এর প্রকৃষ্ট উদাহরণ। শান্তির জন্য অংসান সুচির নোবেল পুরস্কার প্রাপ্তিতে আমরা পুলকিত হয়েছিলাম কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সুচির ভূমিকা হিটলারের চেয়েও জঘন্য। মায়ানমারের ঘটনায় সূচির ভূমিকা বিশ্বকে আর একজন হিটলার গছিয়ে দিল। পার্থক্য শুধু এটাই, হিটলার পুরুষ অংসান সুচি নারী। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যক্তি কীভাবে এত জঘন্য হতে পারে তা বোধগম্য নয়। নোবেল কমিটির উচিত অং সান সুচির মতো একজন গণহত্যাকারী ডাইনি রমণীর নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়া নতুবা হিটলার ও মুসোলিনিকে মরণোত্তর নোবেল পুরস্কার দিয়ে শান্তিতে নোবেল পুরস্কারের প্রকৃত স্বরূপ উন্মোচিত করা। বলা হচ্ছে, নোবেল পুরস্কার প্রত্যাহার করার নিয়ম নেই, নিয়ম করলেই তো হয়ে গেল। এ তো আর মানুষের জীবনের চেয়ে বড়ো নয়। বরং এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের যে বদনাম তা কাটিয়ে উঠা সম্ভব হবে। 
রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করে বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের সহজ প্রবেশাধিকার দেওয়া উচিত। এ বিষয়ে আলোচনাকালে প্রথমে দেখতে হবে, তাদের যদি সহজ প্রবেশাধিকার দেওয়া হয় তাহলে মায়ানমার সরকার রোহিঙ্গা বিতাড়নে আরো উৎসাহ পাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বাংলাদেশের একার পক্ষে এত বেশি সংখ্যক শরণার্থী গ্রহণের সামর্থ আছে কি না। অধিকন্তু আশ্রিত রোহিঙ্গাদের কর্মকাণ্ডও সন্তোষজনক নয়। তবু বাংলাদেশে সরকার রোহিঙ্গাদের জন্য যা করেছে এবং করছে তা প্রশংসনীয়। যে কারণেই হোক না, অনেক রোহিঙ্গারা বাংলাদেশে থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। তাই আমি মনে করি, রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিকা যে কোনো বিবেচনায় যথার্থ।
১৯৯৬ খ্রিষ্টাব্দে রোহিঙ্গা শরণার্থী সমস্যা আরও প্রকট ছিল। সে সময় আমি বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ছিলাম। ওই ক্যাম্পে ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী ছিল। যাদের একজনও প্রকৃত অর্থে শিক্ষিত ছিল না। তারা ছিল অনেকটা আদিম মানুষের মতো; খাওয়া, ঘুমানো আর যৌনকর্ম ছাড়া অন্য কোনো কিছু বুঝত না। গোষ্ঠীগত উন্নয়নের চিন্তা দূরে থাক, ব্যক্তিক উন্নয়নেও কোনো ধারণা ছিল না। ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ রসদ প্রদান করা হতো। তবু অনেক রোহিঙ্গা নানা কৌশলে ক্যাম্পের বাইরে চলে যেত। অনেকে মাদকদ্রব্য পাচারসহ নানা অপরাধ সংঘটিত করত। অনেকে নানা অপকৌশলের মাধ্যমে বাংলাদেশের ভোটার তালিকায় পর্যন্ত অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অধিকন্তু কেউ কেউ বাংলাদেশি পাসপোর্ট পর্যন্ত নিয়ে নিয়েছিল। এসব রোহিঙ্গাদের অনেকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে গিয়ে অপকর্ম করে দেশের সুনাম ক্ষুণ্ন করার অনেক প্রমাণও রয়েছে। 
রোহিঙ্গাদের উপর এত নির্যাতন এবং অত্যাচার-অবিচার করার পরও বিশ্ব বিবেক যতটুকু সজাগ হওয়ার কথা ততটুক হচ্ছে না। এর কারণ কী? এর কারণ খুঁজতে গেলে শুধু অন্যদের উপর দোষ দেওয়া যথার্থ হবে না। রোহিঙ্গাদের যোগ্যতার বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। আত্মসমালোচনাকে যে জাতিগোষ্ঠী অবহেলা করে, তারা কখনও মাথা তুলে দাঁড়ানোর যোগ্যত অর্জন করতে পারে না। আত্মসমালোচনা মাথা তুলে উঠে দাঁড়ানোর যোগত্যাকে দৃশ্যমান করে সে পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। রোহিঙ্গারা দীর্ঘ সহস্রস বছরের অধিক আরাকান প্রদেশে বসবাস করে আসছে। কিন্তু যে কারণে হোক না কেন, এত দীর্ঘকাল বসবাসের পরও রাষ্ট্রে তারা নিজেদের শিকড় গেড়ে ঝড়ঝঞ্ঝা মোকাবেলার করার শক্তি বা যোগ্যতা কোনোটাই অর্জন করতে পারেনি। ফলে তাদের, মুলা শাকের মতো অতি সহজে নির্বিচারে উপড়ে ফেলা সম্ভব হচ্ছে। একটি জাতিগোষ্ঠীর জন্য এর চেয়ে ব্যর্থতার বিষয়ে আর কিছু হতে পারে না। 
অধিকন্তু রোহিঙ্গারা মেধা, যোগ্যতা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিজেদের অপরিহার্য করেও তুলতে পারেনি। এমন কোনো প্রয়াসও তাদের কর্মকা-ে লক্ষ করা যায় না। ফলে রাষ্ট্র তাদের উপর এমন নৃশংস আচরণ করেও রেহাই পেয়ে যাচ্ছে। তারা যদি শক্ত শিকড় প্রতিস্থাপন করতে পারত তাহলে মায়ানমার সরকারের পক্ষে এমন অত্যাচার করে রেহাই পাওয়া সম্ভব হতো না। রোহিঙ্গারা যোগ্যতা ও মেধা কিংবা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বলে প্রতিবন্ধী সন্তান কিংবা অক্ষম পিতামাতার মতো সরকার সহজে তাদের উপর নির্যাতন চালিয়ে যেতে পারছে।
অনেকে বলবেন, রোহিঙ্গাদের এমন যোগ্য হয়ে গড়ে উঠার জন্য কোনো সাহায্য করা হয়নি, বরং প্রতিহত করা হয়েছে। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সহযোগিতা কেউ কাউকে দেয় না, এটি যোগ্যতা বলে যে কোনোভাবে হোক আদায় করে নিতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, God helps those, who help themselves. রোহিঙ্গারা নিজেদের সাহায্য পাওয়ার যোগ্য করে তুলতে ব্যর্থ হয়েছে- এটি নিষ্ঠুর হলেও সত্য। আর যারা কেবল অন্যের সাহায্যের আশায় বসে থাকে এবং নিজেদের ভাগ্য নিজেরাই বদলানোর চেষ্টা করে না তাদের কেউ সহযোগিতা করে না, করলেও তা পরিণামে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো আরও ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়ায়। 
একটা জাতিগোষ্ঠীকে টিকে থাকতে হলে যে শ্রম দিতে হয়, যোগ্যাত অর্জনের জন্য যেসব কৌশল অবলম্বন করতে হয়, তার কোনো কিছুই রোহিঙ্গাদের নেই। এসব বিষয় আয়ত্তে আনার জন্য যে প্রবল উদ্যোগ, ত্যাগ এবং নিষ্ঠা প্রয়োজন সেগুলোও তাদের মধ্যে দেখা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যালঘুদের দিকে তাকালে দেখা যায়, সংখ্যালঘুরাই তুলনামূলকভাবে সংখ্যঘরিষ্ঠদের চেয়ে পরিশ্রমী; ফলে মেধাবী। দুর্বল অবস্থানেরর কথা চিন্তা করে সংখ্যালঘুরা শ্রম, মেধা আর নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্যতাকে তুলে ধরার চেষ্টা করে। এভাবে তারা ধীরে ধীরে শক্ত শিকড় গ্রথিত করে। প্যালেস্টাইনিরা নির্যাতিত বলেই নিজেদের টিকিয়ে রাখার প্রাণন্ত চেষ্টায় রত। ফলে প্যালেস্টাইনিদের মধ্যে মাস্টার্স ডিগ্রির গড় হার তুলনামূলকভাবে অনেক উন্নত দেশের চেয়ে বেশি। বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষিতের হার তুলনামূলকভাবে সংখ্যাঘরিষ্ঠদের চেয়ে বেশি। ভারতসহ পৃথিবীর সব দেশের জন্য কথাটি প্রযোজ্য। কিন্তু রোহিঙ্গারা এমন একটি জাতিগোষ্ঠী, যারা সংখ্যালঘু এবং দুর্বল জেনেও নিজেদের অবস্থানকে সবল করার সামান্য উদ্যোগও কখনও ব্যক্তিগতভাবে কিংবা সমষ্টিগতভাবে নেয়নি। এর মাধ্যমে আমি এটি বলতে চাইছি না যে, অন্যের সাহায্য নিষ্প্রয়োজন। আমি বলতে চাইছি যোগ্যত্যাই অন্যের সাহায্যকে প্রভাবিত করে। আর কেউ যদি সাহায্য না করে তাহলে কি চুপ করে বসে থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে? 
রোহিঙ্গাদের উচিত শ্রম, নিষ্ঠা আর মেধার মিলন ঘটিয়ে নিজেদের শক্তিশালী হিসেবে গড়ে তোলা এবং বিশ্বের উচিত তাদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত প্রসারিত করা। শুধু অন্যের সাহয্যের আশায় বসে থাকলে রোহিঙ্গা জনগোষ্ঠীকে এভাবে বার বার নির্যাতিত ও গণহত্যার শিকার হতে হবে। আমি সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মায়ানমার সরকারের এমন নৃশংসার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।
বঙ্গানুবাদে : ড. রচনা চয়ন।