Translate

Friday, 24 April 2015

সর্বজনীন ও সার্বজনীন / ড. মোহাম্মদ আমীন

সর্বজনীন’ ও ‘সার্বজনীন’ উভয় শব্দ শুদ্ধ কিন্তু অর্থ ভিন্ন তাই দুটো শব্দকে অভিন্ন অর্থে ব্যবহার করা সমীচীন নয়। অনেকে ‘সর্বজনীন’ অর্থে ‘সার্বজনীন’ লিখে থাকেন। শব্দ দুটোর আভিধানিক অর্থ না-জানার জন্য এমন ভুল হয়ে থাকে।
‘সর্বজনীন’ শব্দের অর্থ, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি, সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর, সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট। যেমন : ‘মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেব স্বীকৃত।’
‘সার্বজনীন’ শব্দের অর্থ ‘সবার মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ’। যেমন: ‘নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার সার্বজনীন নেতা।’ অবশ্য প্রবীণ অর্থে শ্রেষ্ঠ প্রকাশ করলে তখন অর্থ আরও সম্প্রসারিত হয়। কিন্তু এমন করা সমীচীন নয়। কারণ আমাদের বিকল্প শব্দ রয়েছে। 
‘সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত’। এর অর্থ সবার মধ্যে প্রবীন বা সবার মধ্যে জ্যেষ্ঠ দুর্গাপূজায় আপনাকে স্বাগত। কথাটির যৌক্তিকতা কতটুকু তা পরের বিষয়। তবে এখানে ‘সার্বজনীন’ বলার চেয়ে সর্বজনীন বলাটা উত্তম - একথা স্বীকার করতে হয়। সুতরাং ‘সবার হিতের জন্য’ অর্থে ‘সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ’ বলা বিধেয় নয়। অনেকে মনে করেন ‘সার্বজনীন’ শব্দটি ভুল কিন্তু এটি ভুল নয়। তবে ‘সর্বজনীন’ অর্থে সার্বজনীন’ শব্দের ব্যবহার করা ভুল।

Friday, 3 April 2015

নির্দেশ ও নির্দেশনা/ শাসন ও অনুশাসন , ড. মোহাম্মদ আমীন



নির্দেশ ও নির্দেশনা/ শাসন ও অনুশাসন

নির্দেশ আর নির্দেশনার মধ্যে অর্থগত কোনও পার্থক্য নেই তবে প্রায়োগিক পার্থক্য রয়েছে। নির্দেশ সাধারণ বিষয়ের উপর সাধারণত সামগ্রিকভাবে প্রদান করা হয় কিন্তু ‘নির্দেশনা’ নির্দেশের ক্ষুদ্রতম কিন্তু মার্জিত বা আপাত-অস্পষ্ট অংশ। নির্দেশের যে অংশ বা যে বিষয় পরিষ্কারভাবে বিধৃত হয় না কিংবা হলেও ব্যক্তিবিশেষের কাছে সংশয় সৃষ্টি করে সেটিই নির্দেশনা। নির্দেশনা শুধু নির্দেশের আংশিক বা ক্ষুদ্ররূপ নয়, নির্দেশের চেয়ে নির্দেশনা অনেক নরম, শোভনীয়, অমায়িক এবং প্রাঞ্জল কিন্তু বিশেষক্ষেত্রে প্রায়োগিক অস্পষ্টতার কারণে তা পুনরায় বিশ্লেষণের দাবি রাখে। নির্দেশে যেমন কঠোরতা থাকে নির্দেশনায় তেমন কঠোরতা থাকে না। তাই অনেকে মনে করেন, নির্দেশের যে অংশ মার্জিত ও শোভনীয় কিন্তু অস্পষ্টÑ  সেটিই নির্দেশনা। নির্দেশনা প্রদান করা যায় আবার চাওয়াও যায় কিন্তু নির্দেশণা চাওয়া যায় না, এটি সাধারণত উপর থেকে নেমে আসে। নির্দেশনা অপেক্ষাকৃত ছোট, মার্জিত, নরম, শোভনীয় এবং কঠোর নয়। তাই এর প্রবাহ উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে দু-দিকে সাবলীল গতিতে বাহিত হতে পারে। বাংলা ভাষায় এমন অনেক শব্দ রয়েছে যা কেবল স্বরচিহ্ন পরিবর্তন করে দিয়ে বৃহৎ বা ক্ষুদ্র-জ্ঞাপনে ব্যবহার করা হয়। নিচের শব্দজোড়া সমূহের প্রথমবন্ধনিভুক্ত শব্দ সংশ্লিষ্ট বন্ধনির বাইরের শব্দের ক্ষুদ্রতর রূপ প্রকাশে ব্যবহৃত হয়। কলস(কলসি), কোঠা (কুঠি), ঘট(ঘটি), ছাঁকনা(ছাঁকনি), ডিঙ্গা(ডিঙ্গি), নোড়া(নুড়ি), পোঁটলা(পুটলি) ইত্যাদি। তেমনি আমাদের আলোচ্য  নির্দেশ(নির্দেশনা)।
 
শাসন থেকে অনুশাসন। ‘শাসন’ শব্দের পূর্বে ‘অনু’ উপসর্গ যুক্ত হয়ে ‘অনুশাসন’ শব্দটি গঠিত হয়েছে। আভিধানিক বিবেচনায় অনুশাসনও একপ্রকার নির্দেশ, বিধি বা বিধান; কিন্তু প্রায়োগিক বিবেচনায় অনুশাসন, নির্দেশ, নির্দেশনা এবং বিধি-বিধানের কিছুটা তফাত আছে। যেমন : যিনি শাসন করেন  আদেশ যেমন কোনও ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর উপর জারি করা হয় শাসন কিন্তু ঠিক তেমনÑ এমনটি বলা যাবে না। শাসন সবার জন্য সাংবিধানিক আলেখ্যের অপরিহার্য ও প্রয়োজনীয় বিষয়, যা শাসকগোষ্ঠী প্রচলন করতে ইচ্ছুক। শাসক হিসাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যখন শাসন নয় কিন্তু শাসনের অনুরূপ এমন সাধারণ কোনও নির্দেশনা কোনও গোষ্ঠী বা ব্যক্তিসমষ্টির উপর নির্দেশ-এর চেয়ে কম কঠোরতায় কিন্তু নির্দেশের চেয়ে গুরুত্বপূর্ণ অভিধায় বিশেষ অবস্থার কারণে দ্রুত কার্যকর করার জন্য প্রদান করেন Ñ সেটিই হচ্ছে অনুশাসন।

Monday, 16 March 2015

কৃতাঞ্জলি কৃতজ্ঞতাজ্ঞাপন / Vuian Alauddin

কৃতাঞ্জলি কৃতজ্ঞতাজ্ঞাপন

Vuian Alauddin
এ লেখাটুকু কেবলই ধন্যবাদ জ্ঞাপনার্থে। যে পেজ থেকে প্রতিনিয়ত উপকৃত হই, তার প্রতি কৃতজ্ঞতা না জানানো এক ধরণের গোমরাহি বলে মনে হয়। যাচিত বা অযাচিতভাবে প্রতিদিন বিভিন্ন পেজের/গ্রুপের সদস্য বনে যাই। এদের অধিকাংশই অর্থহীন অন্তভুক্তি আর তার কার্যক্রমে মাঝে মাঝে যে বিবমিষা হয় না তা বলতে পারি না। কিন্তু, শুবাচ সবার থেকে আলাদা-ব্যতিক্রমী।
বাংলায় জিগ্যেস আছে বলেই এই একটি পেজ আমি প্রতিদিন অনুসরণ করি। বিশেষভাবেেএ পেজের কয়েকজনের নাম না বললেই অন্যায় হবে। তাঁরা হলেন- Mohammed Amin, Khurshed Ahmed ,Shahidul Haque, Bijit Kumar Bhattacharjee, মুস্তফা কামরুল আখতার, Naeema Sehely প্রমুখ। হয়তো আরো নমস্য আছেন যাদের বিষয়ে আমার জানা নেই। এদের কেউ বিশ্লেষক আবার কেউবা কেউ গবেষক হতে পারেন তবে সবার মাঝে একটা বিষয়ে এজমালি রয়েছে- বাংলা ভাষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলার ক্রমঅগ্রসরমাণ অধোগতি দেখে মনের গহীনে যে খেদ ক্রমান্বয়ে পুঞ্জিভূত হচ্ছিল এতদিনে তা মুক্তির একটা পথ অবারিত দেখে যারপরনাই আনন্দিত।
এমনি হতভাগ্য যে পেশাগত কারণে স্বদেশে থাকার সৌভাগ্য নেই। পরদেশে পেশাগত পরবাসী। অবস্থাগতিকে ইংরেজির পাশাপাশি পর্তুগিজ ও স্প্যানিশের মত বিদেশি ভাষাও শিখতে হয়েছে। এ সকল ভাষাজ্ঞানে পুলকিতবোধ হয়, গর্ববোধ হয় না। বাংলা ভাষায় অপারদর্শিতা আমার বিবেকবোধকে সর্বক্ষণ কুরে কুরে খাচ্ছে। তত্রাপি সান্ত্বনা এতটুকু যে, আপনাদের সঙ্গী হতে পেরেছি, সতীর্থ হতে পেরেছি।
সবাইকে তাই কৃতাঞ্জলি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি।

Wednesday, 11 March 2015

রঙ্গরসে বাংলা বানান: একটি অনবদ্য গ্রন্থ/ হায়াৎ মামুদ

রঙ্গরসে বাংলা বানান: একটি অনবদ্য গ্রন্থ

হায়াৎ মামুদ

বাংলা আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, একইসঙ্গে দুটোই। ১৯৫২ সালের ২১শে ও ২২শে ফেব্র“য়ারি রাষ্ট্রভাষা আন্দোলনে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁরাই কিন্তু তাঁদের অজান্তে
স্বাধীন  সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রটির বীজ বপন করেছিলেন। আমাদেরই উদাহরণে এখন আন্তর্জাতিকভাবে বিশ্বমাতৃভাষা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ।
সবই অতি উত্তম। কিন্তু এ সবের অন্দরমহলে লুকোনো আরেকটা কথাও আছে, যা অন্যেরা জানে না। সেটি হল মাতৃভাষা ও রাষ্ট্রভাষার প্রতি আমাদের সাম্প্রতিক অবহেলা। এই দুর্লক্ষণ অনেকেরই নজর এড়ায় নি, এবং তাঁরাই এগিয়ে আসছেন এর প্রতিকারকল্পে কিছু একটা করার জন্যে।

বাক্প্রত্যঙ্গ সক্রিয় থাকলে সব মানুষই কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করে থাকে, তা যে-ভাষাতেই হোক-না কেন। অথচ ‘ভাষা’ বিষয়টি আদৌ সহজ কোনো ব্যাপার নয়। তাকে শিখতে হয় অনেক কষ্ট করে। বলা-কওয়া, লেখালেখি, ভাষণ দেওয়া-কত কিছুই না। সবই আয়াসনির্ভর ও আয়ত্তসাপেক্ষ। সে কারণেই নির্ভূল লেখার জন্যে সব ভাষাতেই কত অসংখ্য ধরনের বইপত্তর।
 নিজের মা ও মাতৃভাষা সমার্থক। এমন কথা অনেক আগে থেকেই বহু মনস্বী ব্যক্তি উচ্চারণ করে আসছেন। কথাটি খাঁটি সত্য, কিন্তু এই সত্যকে উপলব্ধি করার জন্য নিষ্ঠা আবেগ অনুভূতি ইত্যাদি বহুকিছুর প্রয়োজন, এবং সেইসঙ্গে দরকার নিরন্তর চর্চা- বলার ও লেখার।
‘রঙ্গরসে বাংলা বানান’ যে অন্তর্গত প্রেরণা থেকে ড. মোহাম্মদ আমীন লিখতে উদ্ধুদ্ধ হলেন তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এ-বই মাতৃভাষাপ্রেমী সকল বাঙালির প্রয়োজন মেটাবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। বইটির বহুল প্রচার কামনা করি। হাওলাদার প্রকাশনীকেও ধন্যবাদ তাঁরা এই গুরুদায়িত্ব গ্রহণ করেছেন বলে।

Saturday, 7 March 2015

চকরিয়ার ইতিহাস/ অনুসিন্থিয়া জাহান চৌধুরী

কক্সবাজার জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত ‘চকরিয়া’ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা। আর্থ-সামাজিক কর্মকাণ্ড, জন-বৈচিত্র্য, প্রাকৃতিক শোভা প্রভৃতি বিবেচনায় এ রকম অনিন্দ্য উপজেলার সংখ্যা বাংলাদেশে খুব একটা বেশি নেই। তবু এ উপজেলার ইতিহাস রচিত হয়নি দীর্ঘ কয়েক হাজার বছরেও। ড. মোহাম্মদ আমীন চকরিয়ার উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর চকরিয়ার ইতিহাস লিখতে শুরু করেন। কঠোর পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে তিনি রচনা করেন চকরিয়ার উপজেলার প্রথম ইতিহাস। কেউ স্বীকার করুন বা না-করুন, গ্রন্থটি রচনা করে ড. মোহাম্মদ আমীন ঐতিহ্যবাহী চকরিয়ার ইতিহাসে  ইতিহাস হয়ে রয়ে যাবেন আযুগ।

এটি শুধু ইতিহাস নয়, অর্থনীতি, সমাজ, রাজনীতি, নৃতত্ত্ব, ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, ভুগোল, জনমিতি প্রভৃতির তথ্যবহুল বিবরণে ঋদ্ধ একটি অনবদ্য গ্রন্থ। কী নেই এখানে? ইতিহাস কত প্রাণবন্ত হতে পারে, হতে পারে কত জীবন্ত এবং সাবলীল তা এ গ্রন্থটি না পড়লে অনুধাবন করা যাবে না।
ছয়ত্রিশ অধ্যায়ে পরিব্যাপ্ত এ ইতিহাসগ্রন্থে চকরিয়ার প্রাচীনত্ব, জনতাত্ত্বিক বিশ্লেষণ; আয়তন, অবস্থান ও প্রশাসনিক কাঠামো; চকরিয়ার নামকরণ, ইউনিয়ন ও গ্রামসমূহের নামকরণ, চকরিয়ার প্রাগৈতিহাসিক যুগের ইতিাহাস, সামন্ত শাসন, চন্দ্র ও দেব বংশের আমলে চকরিয়া, ভেসালি রাজ্য ও মুসলিম অভিযান, চকরিয়ায় মুসলমানদের আগমন, সুলতানি আমল, আফগান আমল, চকরিয়ায় শাহ শুজা, আরাকানি আমল,  ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চকরিয়া, ব্রিটিশি আমল, মুক্তিযুদ্ধ ও চকরিয়া, চকরিয়ার পার্লামেন্ট প্রতিনিধি, ঐতিহ্যময় চকরিয়া, চকরিয়ার ঐতিহ্য ও কৃষ্টি, চকরিয়ার সুন্দরবন, ইসলামি ও আধুনিক শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া, সাংবাদিক, সংবাদপত্র ও প্রকাশনা, ধর্ম ও ধর্মীয় উৎসব, ধর্ম ও ধর্মীয় বিকাশ, রাখাইন ভাষা ও সাহিত্যাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, জাতীয় উন্নয়নে চকরিয়ার ভূমিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড, লবণ ও হিমায়িত মাছ, চকরিয়ার বাইরে চকরিয়া, একনজরে চকরিয়া প্রভৃতি বিবরণ চমৎকার ভাষায় তুলে ধরা হয়েছে।
চকরিয়াবাসী ছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী সবার কাছে বইটি একটি অমূল্য সংগ্রহ হিসাবে বিবেচিত হবে।

Friday, 10 October 2014

সাহিত্যে নোবেল বিজয়ী ইহুদি / ড. মোহাম্মদ আমীন



বিশ্বে ৭০০ কোটি মানুষের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকের সংখ্যা প্রায় ১৪০ কোটি। তন্মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন প্রকৃতপক্ষে ২জন। ১৯৮৮ খ্রিস্টাব্দে মিশরের নাগিব মাহফুজ (Naguib Mahfouz), ১৯৫৭ খ্রিস্টাব্দে আলবার্ট ক্যামুস (Albert Camus) এবং ২০০৬ খ্রিস্টাব্দে তুর্কি সাহিত্যিক ওরহান পামুক (Albert Camus) নোবেল পুরষ্কার লাভ করেন। আলবার্ট কামু মুসলিম বংশোদ্ভুত হলেও ইসলাম ধর্ম পালন করতেন না, বিশ্বাসও করতেন না। নিজেকে মুসলিম হিসেবে পরিচয়ও দিতেন না। এ হিসেবে সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী মুসলমানের সংখ্যা মাত্র দুই জন।

সাম্প্রতিক এক তথ্যে জানা যায়, বিশ্বে ইহুদির সংখ্যা মোট ইহুদির সংখ্যা ১,৩৭, ৪৬,২০০ জন। তন্মধ্যে এ পর্যন্ত ১৪ জন ইহুদি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সারা বিশ্বে ১১১জন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। 

প্রথম : জার্মান গীতিকবি, নাট্যকার, ঔপন্যাসিক ও ছোটগাল্পিক পাউল ইয়োহান লুডভিগ ফন হেইনজে (Paul Heyse) সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ইহুদি। ১৯১০ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হেইনজে ১৮৩০ খ্রিস্টাব্দের ১৫ মার্চ জার্মানির বার্লিন শহরে জন্মগ্রহণ করেন।  ১৯১৪ খ্রিস্টাব্দের ২ এপ্রিল তিনি মিউনিখে মারা যান।

দ্বিতীয় : বিশ শতকের প্রচণ্ড প্রভাবশালী ফ্রেন্স দার্শনিক হেনরি লুইস বেরগস সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী দ্বিতীয় ইহুদি। তিনি ১৮৫৯ খ্রিস্টাব্দের ১৮ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের রিউ ল্যামারটিন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৭ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেনি। ১৯৪১ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি তিনি প্যারিসে মারা যান।

তৃতীয় : ১৯৫৮ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত ঔপন্যাসিক, বরিস পাস্তারনেক নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয় ইহুদি। তিনি ১৮৯০ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের মস্কো নগরে এক ধনাঢ্য ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দের ৩০ মে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

চতুর্থ ও পঞ্চম : জার্মান কবি ও নাট্যকার নেলি নেওনি স্যাকস ও  পোলিশ লেখক স্যামুয়েল ইয়োসেপ আগনন সাহিত্যে নোবেল বিজয়ী  চতুর্থ ও পঞ্চম  ইহুদি। তাঁরা উভয়ে ১৯৬৬ খ্রিস্টাব্দে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেনি। নেলি নেওনি স্যাকস ১৯৭০ খ্রিস্টাব্দের ২ মে সুইডেনের রাজধানী স্টকহোমে মারা যান। অন্যদিকে  স্যামুয়েল ইয়োসেফ আগনন ৮১ বছর বয়সে ১৯৭০ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি মারা যান।

ষষ্ঠ : কানাডায় জন্মগ্রহণকারী মার্কিন-ইহুদি লেখক সাউল বোলো  সাহিত্যে নোবেলা পুরস্কার বিজয়ী ষষ্ঠ ইহুদি। তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সাউল বেলো ১৯১৫ খ্রিস্টাব্দের ১০ জুন পূর্ব-কানাডার কুইবেক শহরের লাচিনে এক গোঁড়া ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল ৮৬ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের ব্রুকলিনে  মারা যান।

সপ্তম : পোলিশ-মার্কিন সাহিত্যিক ও বিশ্বখ্যাত ছোটগাল্পিক আইজাক্‌ বসেভিস্ সিঙ্গার (Isaac Bashevis Singer) ১৯৭৮ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্যে নোবেল বিজয়ী সপ্তম ইহুদি। আইজাক ১৯০৪ খ্রিস্টাব্দের ১৪ জুলাই তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্ভূক্ত কংগ্রেসে পোলান্ডের ওয়ারশো শঞরের কাছে লিউনিকে জন্মগ্রহণ করেন।  ১৯৯১ খ্রিস্টাব্দের ২৪ জুলাই তিনি মারা যান।

অষ্টম : ১৯৮১ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান ঔপন্যাসিক, নাট্যকার, স্মৃতিকার ও প্রাবন্ধিক  এলিয়াস কানেত্তি সাহিত্যে নোবেল বিজয়ী অষ্টম ইহুদি। তিনি ১৯০৫ খ্রিস্টাব্দের ২৫ জুলাই বুলগেরিয়ার নিম্ন ডানিয়ুব আপত্যাকার রিউজ শহরের রুসচুক নামক স্থানে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দের ১৪ অগাস্ট সুইজারল্যান্ডের জুরিখে মারা যান।

নবম: বিখ্যাত সাহিত্যিক জোসেফ ব্রডস্কি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নবম ইহুদি। তিনি ১৯৮৭ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রুশ-মার্কিন কবি ও প্রাবন্ধিক ব্রডস্কি ১৯৪০ খ্রিস্টাব্দের ২৪ মে রাশিয়ার লেলিনগ্রাদ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক  শহরে মারা যান।

দশম :  ইংরেজিভাষী নেদাইন গার্ডিমার সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী দশম ইহুদি। তিনি ১৯২৩ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থিত স্প্রিং গুয়েটন এলাকার স্প্রিং নামক স্থানে এক অভিবাসী ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন । সাহিত্যে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ১৯৯১ খ্রিস্টাব্দের নোবেল পুরস্কার লাভ করেন।

একাদশ : ইমরে কাটেজ সাহিত্যে নোবেল পুরস্কার বিজয় একাদশ ইহুদি। হাঙ্গেরিয়ান নাগরিক ইমরে কাটেজ ১৯২৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০২ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।

দ্বাদশ : ২০০৪ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান নাগরিক এলফ্রিড জেলিনেক সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী দ্বাদশ ইহুদি। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দের  ২০ অক্টোবর অস্ট্রিয়ার স্ট্রাইরিয়া নামক এলাকায় জন্মগ্রহণ করেন। 

ত্রয়োদশ : ইংলিশ নাট্যকার, স্ক্রিনরাইটার, অভিনেতা, থিয়েটার পরিচালক, রাজনীতিক কর্মী ও কবি হ্যারল্ড পিন্টার সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ত্রয়োদশ ইহুদি। তিনি ১৯৩০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর  পশ্চিম লন্ডনের ক্যাকনি নামক স্থানে এক নিম্ন-মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৮ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর তিনি লিভার ক্যান্সারে মৃত্যুবরণ করেন।

চতুর্দশ : প্যাত্রিক মোদিয়ানো সাহিত্যে নোবেল বিজয়ী চতুর্দশতম ইহুদি। প্যাত্রিক মোদিয়ানো ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩০ জুলাই প্যারিসের বুলন শহরতলিতে জন্মগ্রহণ করেন। ইহুদি ধর্মাবলম্বী পিতা আলবার্তো মোদিয়ানো ছিলেন ইতালীয় ব্যবসায়ী এবং মা লুইজা কোলপেন ছিলেন বেলজিয়াম-অভিনেত্রী। প্রাথমিক শিক্ষা শেষ করে মোদিয়ানো প্যারিসের লুসি অঁরি-৪ সেকেন্ডারি স্কুলে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে তিনি শিক্ষক হিসাবে বিখ্যাত লেখক রেমো কুইনোর সঙ্গলাভের সুযোগ পান। কুইনোর উৎসাহ আর পরিচর্যা মোদিয়ানোর সাহিত্য জীবনের ভিত্তি গড়ে দেয়। কুইনো নিজেই মোদিয়ানোকে ফ্রান্সের বিখ্যাত প্রকাশনা সংস্থা গ্যালিমার সঙ্গে মোদিয়ানোর যোগাযোগ ঘটিয়ে দেন। মোদিয়ানো তরুণ বয়সে  প্রাতিষ্ঠানিক অধ্যয়ন ছেড়ে দিয়ে লিখতে শুরু করেন। তাঁর দাবি, তিনি জন্মের আগের স্মৃতিও লেখার মধ্যে তুলে ধরতে পারেন। নিজের লেখার ধরন সম্পর্কে উনিশ শতকের ফরাসি লেখক স্তন্দালকে উদ্ধৃত করে মোদিয়ানো বলেন, ‘আমি ঘটনার বাস্তবতা দিতে পারি না, শুধু ছায়াটাকে উপস্থাপন করতে পারি।’

১৯৭০ খ্রিস্টাব্দে দোমিনিক জাহফুসের সঙ্গে মোদিয়ানো বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৪ ও ১৯৭৮ খ্রিস্টাব্দে তাঁদের দুই  মেয়ে যাথাক্রমে জিনা ও মারি জন্মগ্রহণ করেন। ১৯৬৮ খ্রিস্টাব্দে  মাত্র ২২ বছর বয়সে মোদিয়ানোর প্রথম উপন্যাস ‘লা প্লাস দো লেতোয়াল’ প্রকাশিত হয় । মোদিয়ানো মূলত ঔপন্যাসিক। তবে শিশু-সাহিত্যিক হিসেবেও তিনি সমান দক্ষ। তাঁর উপন্যাসগুলো কমপক্ষে ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। ইংরেজিতে অনূদিত তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে রু দে বুতিক অবসকিউর (দ্য মিসিং পারসন), ভয়্যাজ দো নোস (হানিমুন), লা রন্দ দো নুই (নাইট রাউন্ডস), দু প্লু লোয়াঁ দো লুবলি (আউট অব দ্য ডার্ক), দোরা ব্রুদার (দ্য সার্চ ওয়ারেন্ট), লে বুলভার্দ দো সোন্তিউ (রিং রোডস: অ্যা নোভেল)। লাকোম্ব লুসিয়াঁ নামের একটি ফরাসি চলচ্চিত্রের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মোদিয়ানো। তাঁর সাম্প্রতিক বইটি প্রকাশিত হয়েছে ২০১৪ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।